মেসির ভক্ত বিশ্বজুড়ে। সেই ভক্তরা নানা সময় নানা কাণ্ড ঘটিয়ে নিজেদের ভালোবাসার জানান দেন। আমেরিকার কানসাসে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ঐশী মেসির ছবি দিয়ে শাড়ি পরে আলোড়ন তৈরি করেছেন।
বাঙালি নারীর চিরাচরিত পোষাক শাড়ি। বিশ্বকাপ উপলক্ষে মেসির শাড়ি পরেন ঐশি। এ রকম ভাবনার প্রেক্ষাপট নিয়ে বলেন,‘বিশ্বকাপে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এটা করেছি। বাংলাদেশ থেকেই মেসির ছবি দিয়ে এ রকম শাড়ি আমার মা বানিয়ে পাঠিয়েছেন।’

ঐশী এবারের বিশ্বকাপে কানসাসে ভলান্টিয়ারিং করছেন। ভলান্টিয়ারিংয়ে ফিফার নির্দিষ্ট ট্র্যাকস্যুট পরতে হয়। ফলে বিশ্বকাপ ভেন্যু কিংবা ডিউটির সময় এই শাড়ি পরতে পারেন না ঐশী। অন্য সময় এই শাড়ি পরে কানসাসের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান।

মেসির অনেক বিচিত্র ভক্ত রয়েছে। শাড়িতে মেসির ছবি এ রকম সচারচর দেখা যায় না। তাই ঐশীর শাড়ির ছবি বিদেশের অনেক মিডিয়ায় প্রচার হয়েছে। এতে বেশ উচ্ছ্বসিত বাংলাদেশের এই প্রবাসী নারী, ‘আমার শাড়ি নিয়ে আর্জেন্টিনার মিডিয়াও নিউজ করেছে। আর্জেন্টিনার পাশাপাশি অন্যান্য মিডিয়া বিষয়টি বিশেষভাবে প্রচার করেছে। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব পরিমন্ডলে পৌঁছে দিতে পারায় আমি খুশি।’
এজেড/

