World Cup Football Field

বিজ্ঞাপন

ডি মারিয়া কেন মেসিদের সঙ্গে নেই, জানালেন নিজেই

ডি মারিয়া কেন মেসিদের সঙ্গে নেই, জানালেন নিজেই

আধুনিক ফুটবলে আর্জেন্টিনার প্রায় প্রতিটি শিরোপা জয়ের অন্যতম নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। কাতারে শিরোপা উঁচিয়ে ধরার মাহেন্দ্রক্ষণেও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এরই মধ্যে সোনালী অধ্যায় ফেলে জাতীয় দলকে বিদায় জানিয়ে ফেলেছেন। চলমান বিশ্বকাপের আগে গুঞ্জন ছিল, অবসর ভেঙে আকাশী-নীল জার্সিতে ফেরার। তবে তেমন কিছু হয়নি।

স্পেনের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে নতুন করে আবারও আলোচনায় এসেছেন তিনি। আমেরিকার মাটিতে বিশ্বকাপে আর্জেন্টিনার অনেক সাবেক ফুটবলাররা দলকে সমর্থন যোগাতে মাঠে গেলেও কোথাও নেই ডি মারিয়া। ফাইনালের আগে সবাই যখন ধরে নিয়েছিলেন সাবেক সতীর্থদের গ্যালারিতে বসে সাহস জোগাতে নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন, তখন তিনি সাফ জানিয়ে দিয়েছেন ফাইনালে থাকছেন না তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন থামাতে ডি মারিয়া নিজেই যুক্তরাষ্ট্রে না যাওয়ার বিষয়টি পরিষ্কার করেছেন।

রোজারিও সেন্ট্রালের এই উইঙ্গার জানান, দলের সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার পরই তিনি নিউ জার্সিতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত দলের বর্তমান অভ্যন্তরীণ শৃঙ্খলাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

ডি মারিয়া বলেন, ‘আমি জাতীয় দলের বর্তমান ‘ইকোসিস্টেম’ বা চেনা পরিবেশে কোনো ব্যাঘাত ঘটাতে চাই না। ওরা ধাপে ধাপে লড়াই করে নিজেদের যোগ্যতায় এই ফাইনালের মঞ্চ অর্জন করেছে।’

আর্জেন্টিনার এই কিংবদন্তি মনে করেন, এই মুহূর্তে সব আলো মাঠের খেলোয়াড়দের ওপরই থাকা উচিত, বাইরে থেকে যাওয়া অন্য কারও ওপর নয়। জাতীয় দলের সোনালী অধ্যায়কে বিদায় জানানো এই তারকার এমন সিদ্ধান্ত তার পরিণত মানসিকতারই বহিঃপ্রকাশ বলে প্রশংসায় ভাসাচ্ছে দেশটির গণমাধ্যম। ম্যাচের আগের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে দলের মনোযোগ যেন একটুও না নড়ে, সেটাই নিশ্চিত করতে চেয়েছেন ডি মারিয়া।

দলের অন্যতম প্রিয় মুখ ও 'লাকি চার্ম' ডি মারিয়ার অনুপস্থিতি কতটা আবেগের, তা নিয়ে আলোচনা চলছে। তবে দলের খেলোয়াড়েরা তাদের সাবেক সতীর্থের ভাবনাকে পুরোপুরি সম্মান জানিয়েছেন।

আর্জেন্টিনা শিবির সূত্র জানাচ্ছে, সশরীরে উপস্থিত না থাকলেও লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ডি মারিয়া। পুরো টুর্নামেন্টজুড়েই দূর থেকে নিয়মিত অনুপ্রেরণামূলক বার্তা এবং ভার্চ্যুয়াল আড্ডার মাধ্যমে দলের আত্মবিশ্বাস জুগিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে না যাওয়ার পেছনে ডি মারিয়ার বর্তমান ক্লাব রোজারিও সেন্ট্রালের সঙ্গে তার পেশাদার চুক্তির বাধ্যবাধকতাও একটি বড় কারণ। লাতিন আমেরিকার ঘরোয়া ফুটবলের ব্যস্ত সূচিতে বিশ্বকাপ ফাইনালের মতো ঐতিহাসিক মুহূর্তের জন্যও ছাড় পাওয়ার সুযোগ নেই বললেই চলে।

ফুটবল বিশ্লেষকদের মতে, গ্যালারিতে ডি মারিয়া না থাকলেও মেটলাইফ স্টেডিয়ামে তার ছায়া ঠিকই থাকবে। বড় বড় ফাইনালগুলোতে তার করা গোল ও অবদান আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের আজ স্পেনের বিপক্ষে লড়তে অনুপ্রেরণা জোগাবে। 

এফআই