ইউরো এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা লড়বে বিশ্বকাপের ফাইনালে। দুই মহাদেশের সেরা দুই দলের এই দ্বৈরথে শক্তিমত্তার বিচারে কেউ কারও চেয়ে কম নয়। একপাশে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও লিওনেল মেসির ম্যাজিক, অন্যদিকে স্পেনের টিকিটাকার আধুনিক রূপ আর তারুণ্যের গতি। তবে সাম্প্রতিক ফর্ম আর কৌশলগত দিক বিবেচনা করলে এই মেগা ফাইনালে আর্জেন্টিনার চেয়ে বেশ কিছু জায়গায় এগিয়ে থাকবে স্পেন।
মাঝমাঠের একচ্ছত্র আধিপত্য
স্পেনের মাঝমাঠ বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ও ভারসাম্যপূর্ণ। বিশেষ করে ব্যালন ডি'অর জয়ী মিডফিল্ডার রদ্রি মাঝমাঠের নিয়ন্ত্রণ একাই নিজের হাতে রাখতে পারেন। তার সাথে ফাবিয়ান রুইজ এবং পেদ্রির কিংবা দানি ওলমোর রসায়ন যেকোনো প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে চুরমার করার জন্য যথেষ্ট। আর্জেন্টিনার মিডফিল্ড ভাঙাগড়ার মধ্য দিয়ে গেলেও স্পেনের মাঝমাঠ অনেক বেশি গোছানো এবং বল পজিশন ধরে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে তারা ওস্তাদ।
উইংয়ে দুই ‘গতিদানব’
স্পেনের বর্তমান শক্তির সবচেয়ে বড় জায়গা তাদের দুই উইঙ্গার। এক প্রান্তে তরুণ বিস্ময় বালক লামিন ইয়ামাল এবং অন্য প্রান্তে গতি ও ড্রিবলিংয়ের রাজা নিকো উইলিয়ামস। এই দুই উইঙ্গারের গতি এবং ওয়ান-টু-ওয়ান সিচুয়েশনে ডিফেন্ডারদের পরাস্ত করার ক্ষমতা আর্জেন্টিনার কিছুটা ধীরগতির ফুলব্যাকদের চরম পরীক্ষায় ফেলবে। কাউন্টার অ্যাটাকে এই দুই তরুণ তুর্কি স্পেনের জন্য ট্রাম্প কার্ড হতে পারেন।

নিখুঁত প্রেসিং গেম
কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন তাদের ঐতিহ্যবাহী টিকিটাকার সঙ্গে আধুনিক ডাইরেক্ট ফুটবল ও হাই-প্রেসিংয়ের দারুণ এক মিশ্রণ ঘটিয়েছে। প্রতিপক্ষের ডিফেন্সে গিয়ে বল কেড়ে নেওয়ার এই প্রবণতা আর্জেন্টিনার হোছানো ফুটবলকে বাধাগ্রস্ত করবে। এনজো ফার্নান্দেজ বা রদ্রিগো ডি পল যদি বল পায়ে পর্যাপ্ত সময় না পান, তবে আর্জেন্টিনার আক্রমণভাগ অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়বে।
দলের গভীরতা ও বেঞ্চ স্ট্রেন্থ
স্পেন দলের বেঞ্চ শক্তি অসাধারণ। মূল একাদশের কেউ ফর্মে না থাকলে বা চোট পেলে বেঞ্চ থেকে আসা দানি ওলমো, মিকেল ওয়ারজাবাল বা ফেরান তোরেসের মতো ফুটবলাররা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। আর্জেন্টিনার স্কোয়াডও শক্তিশালী, তবে বেঞ্চের গভীরতা এবং বৈচিত্র্যের দিক থেকে স্পেন এই মুহূর্তে কিছুটা এগিয়ে থাকবে।
সুপার সাব মিকেল মেরিনো
স্প্যানিশ মাঝমাঠের এই সুপার সাব যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। যখনই ম্যাচের শেষভাগে রদ্রি বা ফাবিয়ান রুইজকে কিছুটা বিশ্রাম দেওয়ার প্রয়োজন হয়, কিংবা মাঝমাঠে অতিরিক্ত শারীরিক শক্তি ও ট্যাকলিংয়ের দরকার পড়ে, তখনই মেরিনো কোচের অন্যতম সেরা অস্ত্র হয়ে ওঠেন। ইউরো থেকে শুরু করে চলতি বিশ্বকাপেও বদলি হিসেবে নেমে জয়ী নির্ধারণী গোল করেছেন এই স্প্যানিশ তারকা।
এমএমএম/

