World Cup Football Field

বিজ্ঞাপন

ফাইনাল টাইব্রেকারে গড়ালে স্কালোনির পাঁচ পেনাল্টি স্পেশালিস্ট যারা

ফাইনাল টাইব্রেকারে গড়ালে স্কালোনির পাঁচ পেনাল্টি স্পেশালিস্ট যারা

ফাইনালের মহারণের আগে টাইব্রেকারের প্রস্তুতিও সেরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের পরও যদি ম্যাচ অমীমাংসিত থাকে, তবে আবারও টাইব্রেকারের ভাগ্যপরীক্ষায় নামতে হবে লিওনেল মেসিদের। সে ক্ষেত্রে কাতার বিশ্বকাপ কিংবা ২০২৪ কোপা আমেরিকার স্মৃতি ফিরবে নিউজার্সি স্টেডিয়ামে। 

পেনাল্টি শুটআউট মানেই আর্জেন্টিনার ভাগ্য সুপ্রসন্ন। সাম্প্রতিক বিশ্বকাপ ফর্ম ভালো না গেলেও পোস্টের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছেন ‘টাইব্রেকার হিরো’ এমিলিয়ানো মার্টিনেজ। আর ডাগআউটে আছেন লিওনেল স্কালোনি, যার অধীনে শেষ তিনটি পেনাল্টি শুটআউটেই (কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্স এবং কোপা আমেরিকায় ইকুয়েডর) জয়ী দলের নাম আর্জেন্টিনা।

অতিরিক্ত সময়ে ষষ্ঠ বদলি খেলোয়াড় নামানোর সুযোগ থাকায় ১২০ মিনিট শেষে মাঠে কারা থাকছেন, তার ওপরই নির্ভর করবে পেনাল্টি শ্যুটারদের তালিকা। তবে সবাই ফিট থাকলে স্কালোনির তালিকায় থাকা মূল পাঁচ স্পেশালিস্ট কারা, দেখে নেওয়া যাক:-

প্রথমজন অবধারিতভাবেই দলের অধিনায়ক লিওনেল মেসি। এক নম্বর পেনাল্টি টেকার থাকবেন আর্জেন্টাইন মহাতারকা। যেকোনো টাইব্রেকারে আর্জেন্টিনার হয়ে প্রথম শটটি তিনিই নেন। চলতি বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে দুটি পেনাল্টি মিস করলেও, ট্রফি নির্ধারণী মুহূর্তে স্কালোনির প্রথম ভরসা তিনিই থাকবেন।

মেসির পর স্কালোনির দ্বিতীয় পেনাল্টি শুটার গঞ্জালো মন্টিয়েল। মেসির পাশাপাশি আর্জেন্টিনার শেষ তিনটি টাইব্রেকারেই শট নেওয়া একমাত্র খেলোয়াড় মন্টিয়েল। ক্যারিয়ারে ২০টি পেনাল্টির ১৮টিই জালে পাঠানো এই ডিফেন্ডার একজন নিখুঁত স্পেশালিস্ট। কাতারে ফ্রান্সের বিপক্ষে শেষ পেনাল্টিতে বিশ্বজয়ের সেই অবিস্মরণীয় শটটি এসেছিল তার পা থেকেই।

তিন নম্বরে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে সফলভাবে পেনাল্টি জালে জড়ানো পারেদেস স্কালোনির অন্যতম বিশ্বস্ত সেনা। তার অভিজ্ঞতা এবং নিখুঁত শট নেওয়ার ক্ষমতা তাকে তালিকার ওপরের দিকেই রাখছে।

চারে থাকবেন অভিজ্ঞ লাউতারো মার্টিনেজ। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ঐতিহাসিক টাইব্রেকারে শেষ ও জয়সূচক গোলটি করেছিলেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার। ক্লাবের হয়ে নিয়মিত পেনাল্টি নেওয়ার কারণে চাপের মুখে তিনি সবসময়ই নির্ভরযোগ্য।

সর্বশেষ পাঁচে থাকতে পারেন হুলিয়ান আলভারেজ। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে সফল হয়েছিলেন অ্যাথলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। স্কালোনির গুডবুকে শুরুর পাঁচজনের মধ্যে তার থাকার সম্ভাবনা জোরালো।

মূল পাঁচজনের বাইরেও স্কালোনির হাতে আছেন বেশ কিছু পরীক্ষিত মুখ। ব্যাক-আপ তালিকায় থাকা ফুটবলাররা হচ্ছেন-নিকোলাস ওতামেন্দি, আলেক্সিস মাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ। 

যেভাবে শুটার নির্বাচন করেন স্কালোনি
কোপা আমেরিকায় ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারানোর পর স্কালোনি নিজেই জানিয়েছিলেন, পেনাল্টির ক্রম নির্ধারণের পুরো সিদ্ধান্ত তিনি নিজেই নেন। কোনো খেলোয়াড়ের ওপর জোর না দিয়ে নিজেই তালিকা তৈরি করেন।

স্কালোনি বলেছিলেন, ‘আমি ওদের সবাইকে একসাথে ডেকে বলি, তালিকাটা আমি আগে পড়ছি। এরপর একে একে নম্বর বসাই।’ 

এফআই