টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হারে বাংলাদেশ দল। এরপর টানা দুই ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতলো টাইগাররা। ঘুরে দাঁড়ানোর রহস্যটা ম্যাচ শেষে খোলাসা করেছেন দলের অধিনায়ক তাওহীদ হৃদয়, জানিয়েছেন দুই বিভাগেই নিজেদের দাপটের কথা।
হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ। ব্যাটিং-বোলিং দুই ইউনিটেই আমরা দাপট দেখিয়েছি এবং শেষ দুই ম্যাচ নিয়ন্ত্রণ করতে পেরেছি। প্রথম ম্যাচ হারার পর আমরা মিটিং করেছি। এই কন্ডিশনে আমাদেরকে কীভাবে এগিয়ে যেতে হবে। সেই আলোচনা করার পর সবাই ছন্দে ফিরেছে।’
এছাড়া রিশাদ হোসেন এবং তানজিদ হাসান তামিমের ব্যাপারে হৃদয় জানিয়েছেন, ‘রিশাদ সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছে। যখনই সুযোগ পাবে সবাইকে প্রস্তুত থাকতে হবে দলের হয়ে পারফর্ম করার জন্য। সে (তানজিদ) ক্লাস ব্যাটার। আমরা জানি তার সামর্থ্য কতটা। সে সুযোগ পেলেই খেলা শেষ করে আসে। আশা করি সামনেও দলের হয়ে এমনটা করে যাবে।’
শেষ ওভারে ম্যাচে জমে উঠেছিল নাটকীয়তা। নিজের স্বাভাবিক থাকার ব্যাপারটি নিয়ে তামিম বলেছেন, ‘সমস্যা ছিল না। স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম। আমার বিশ্বাস ছিল উইকেটে থেকে গেলে আমি খেলাটা শেষ করতে পারব।’
তামিম আরও বলেছেন, ‘শুরুতে আলহামদুলিল্লাহ। সিরিজ জিতেছি, দারুণ লাগছে। আমাদের বোলাররা অনেক ভালো করেছে। এই উইকেটে খুব ভালো বল করেছে। উইকেট প্রথম ৬ ওভারে অত সহজ ছিল না। চেয়েছি জুটি বানিয়ে যতটা লম্বা ইনিংস খেলা যায়। আমার মনে হয় বেশি কঠিন করে খেলতে চাইনি। কেবল বল দেখে দেখে খেলে গেছি। সবাই ভালো মেজাজে আছে। আগের ম্যাচগুলো হারলেও শেষ দিকে কিছু ম্যাচ জিতেছি। সবাই অনেক উপভোগ করছে।’
এসএইচ/এমএমএম
