বিশ্বকাপ ফাইনালের আগে জমকালো সমাপনী অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তুললেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড ও মার্কিন সংগীতশিল্পী পোস্ট ম্যালোন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল মাঠে গড়ানোর আগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ করতে হাজির হন ৮০ হাজারেরও বেশি দর্শক, বিভিন্ন দেশের বিশিষ্ট অতিথি ও তারকারা।
অনুষ্ঠানের শুরুতেই মাঠে নামেন আইশোস্পিড। রঙিন ট্র্যাকস্যুট পরা নৃত্যশিল্পী ও ড্রামারদের সঙ্গে পারফর্ম করে বিশ্বকাপের আবহকে আরও উজ্জ্বল করে তোলেন তিনি। এরপর মঞ্চে আসেন জনপ্রিয় র্যাপার ও গায়ক পোস্ট ম্যালোন। নিজের জনপ্রিয় গান “ওয়াও” পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান এই মার্কিন তারকা।
সমাপনী অনুষ্ঠানে আরও অংশ নেওয়ার কথা রয়েছে হলিউড অভিনেতা টম ক্রুজ, ব্রিটিশ গায়ক রবি উইলিয়ামস, ইতালিয়ান সংগীতশিল্পী লরা পাওসিনি এবং মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গারের। ইতালিয়ান তারকা পাওসিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রবি উইলিয়ামসের সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি ভীষণ রোমাঞ্চিত। তিনি বলেন, “রবি যখন আমাকে একসঙ্গে পারফর্ম করার আমন্ত্রণ জানায়, তখন সত্যিই আমার গায়ে কাঁটা দিয়েছিল। তিনি আমার প্রিয় শিল্পীদের একজন।”
আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ রাখা হয়েছে বিরতির সময়। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ‘সুপার বোল’ ধাঁচের হাফটাইম শো অনুষ্ঠিত হচ্ছে। এতে পারফর্ম করার কথা রয়েছে বিশ্বখ্যাত শিল্পী ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বার্না বয় এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের।
সম্প্রতি নতুন অ্যালবাম 'কনফেশন টু' প্রকাশের পর আলোচনায় থাকা ম্যাডোনা এই আয়োজনে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছেন। অন্যদিকে স্বাস্থ্যগত সমস্যার কারণে দীর্ঘ বিরতির পর এ বছর মঞ্চে ফেরা জাস্টিন বিবারও পারফর্ম করবেন এই শোতে।
এ ছাড়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে পারফর্ম করা শাকিরা ও নাইজেরিয়ান তারকা বার্না বয় আবারও একই মঞ্চে উঠবেন। তাদের যৌথ গান “দাই দাই” ইতোমধ্যে টুর্নামেন্টজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তিন বছরের বিরতি শেষে আবারও একত্রিত হওয়া বিটিএসও থাকবে এই আয়োজনে। বর্তমানে বিশ্ব সফরে থাকা দক্ষিণ কোরিয়ার এই ব্যান্ডের পারফরম্যান্স নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
ফিফার তথ্য অনুযায়ী, বিরতির সময় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে রাখা হবে এবং হাফটাইম শোয়ের মূল অংশ চলবে প্রায় ১১ মিনিট। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ ব্যয় করা হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য, যার লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষায় সহায়তার জন্য ১০০ মিলিয়ন ডলার সংগ্রহ করা।
এইচজেএস

