২০২৬ বিশ্বকাপের ফাইনাল চলছে। এবারের সফল আয়োজনের পর আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফেরানোর ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজের মেয়াদকালেই আরও একটি বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সহযোগিতা চাইবেন বলেও জানিয়েছেন তিনি।
তবে বাস্তবতা হলো, আগামী দুটি বিশ্বকাপের আয়োজক ইতোমধ্যেই নির্ধারিত। ২০৩০ বিশ্বকাপ হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে, যেখানে শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। আর ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব।
ফিফার বর্তমান নীতিমালা অনুযায়ী, আগের দুই আসরের আয়োজক কনফেডারেশনের কোনো দেশ পরবর্তী বিশ্বকাপ আয়োজনের জন্য আবেদন করতে পারে না। ফলে যুক্তরাষ্ট্রের জন্য বিশ্বকাপ আয়োজনের পরবর্তী সম্ভাব্য সুযোগ ২০৩৮ সালের আগে আসছে না।
স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইনফান্তিনোর কাছে একটি ‘দারুণ প্রস্তাব’ দিতে চান, যাতে বিশ্বকাপ আবারও যুক্তরাষ্ট্রে ফিরে আসে।
ট্রাম্পের দাবি, এবারের বিশ্বকাপে দর্শকদের আগ্রহ এতটাই বেশি ছিল যে অনেক ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়েও বেশি চাহিদা তৈরি হয়েছিল। ফিফার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত ৪৮ দলের এই বিশ্বকাপে মোট উপস্থিতি ছিল প্রায় ৬৬ লাখ দর্শক, যা আগের দুটি বিশ্বকাপের সম্মিলিত দর্শকসংখ্যার চেয়েও বেশি।
ট্রাম্প বলেন, “সংখ্যাগুলো দেখেই আমরা আবারও আয়োজক হওয়ার অনুরোধ জানাব। অনেকেই হয়তো অবাক হবে, কেউ কেউ ক্ষুব্ধও হতে পারে। কিন্তু আমাদের এটা আবার করতে হবে। আর সেটা আমার উপস্থিতিতেই হওয়া উচিত। শুনছো তো, জিয়ান্নি?”
বিশ্বকাপ ফাইনাল নিয়ে নিজের ভবিষ্যদ্বাণীও করেছেন ট্রাম্প। তার বিশ্বাস, স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, “মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।”
এইচজেএস

