স্প্যানিশ ফুটবলারদের হাতে ভিন্ন ভিন্ন পতাকা ছিল কেন?
বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছে স্পেন। নির্ধারিত সময়ে কোনো গোল না হলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা দর্শনীয় গোলটিতে ভর করেই শিরোপা নিজেদের করে নেয় স্প্যানিশরা। তবে ট্রফি উদযাপনের পোডিয়ামে দেখা গেল এক বিরল ও অনন্য দৃশ্য। শিরোপাজয়ী খেলোয়াড়দের বেশিরভাগের হাতেই স্পেনের জাতীয় পতাকার পরিবর্তে ছিল আলাদা আলাদা সব লাল, নীল, সবুজ ও হলুদ রঙের পতাকা।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, পোডিয়ামে বিশ্বজয়ের উৎসব উদযাপনের সময় স্প্যানিশ তারকা ফুটবলাররা দেশের সাধারণ জাতীয় পতাকার বদলে যার যার নিজস্ব রাজ্য ও স্বায়ত্তশাসিত অঞ্চলের পতাকা বহন করা পছন্দ করেছেন।
পেদ্রি কানারি দ্বীপপুঞ্জের, ফেরান তোরেস ভ্যালেনসিয়া অঞ্চলের, বোর্হা ইগলেসিয়াস গালিসিয়া অঞ্চলের পতাকা এবং ডানি ওলমো ও অ্যালেক্স বায়েনা তেরাসা ও রোকেতাস দে মারে শহরের পতাকা নিয়ে উদযাপনে মাতেন।
এই ব্যতিক্রমী উদযাপনের নেপথ্যে রয়েছে স্পেনের সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস ও প্রশাসনিক ইতিহাস। পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে বেশ কয়েকটি আলাদা রাজ্য একত্রিত হয়ে বর্তমান স্পেন গঠন করেছিল। ফলে ভৌগোলিক ও রাজনৈতিকভাবে এক হলেও প্রতিটি অঞ্চলের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহাসিক পরিচয় অত্যন্ত সুদৃঢ়।
১৯৭৮ সালে স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর শাসনের অবসান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পর অঞ্চলগুলোর ঐতিহাসিক ও সামাজিক দাবি পূরণে স্পেনকে ১৭টি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং ২টি স্বায়ত্তশাসিত শহরে বিভক্ত করা হয়।
স্পেনের একেকটি অঞ্চলের নিজস্ব পতাকা রয়েছে। পোডিয়ামে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ঐতিহ্য ও শিকড়কে সম্মান জানাতেই খেলোয়াড়রা নিজ নিজ অঞ্চলের রূপ তুলে ধরেছেন।
এমএমএম/
