এবারই যে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ ছিল, তার হলফ করেই বলা যায়। অনেকে তো ভেবেই নিয়েছিলেন বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেবেন তিনি। কিন্তু এ বিষয়ে এখনও নিশ্চিত করে কিছুই জানায়নি সিআরসেভেন খ্যাত এই তারকা ফুটবলার।
পর্তুগাল জাতীয় দলের হয়ে সর্বকালের সেরা ফুটবলারদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজে থেকে নিশ্চিতভাবে কিছু না জানালেও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত পাওয়া গেছে। গুঞ্জন উঠেছে, নিজের দেশেই জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটি খেলার পর অবসর ঘোষণা করবেন তিনি।
ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিরুদ্ধে ম্যাচটিই হতে পারে পর্তুগালের হয়ে রোনালদোর শেষ উপস্থিতি। ম্যাচটি অনুষ্ঠিত হবে স্পোর্টিং লিসবনের হোম গ্রাউন্ড স্টাডিও হোসে আলভালাদে।
সম্প্রতি পর্তুগাল জাতীয় দলের দায়িত্ব নেওয়া কোচ হোর্হে জেসুস স্কোয়াডে বড় কোনো হঠাৎ পরিবর্তনের পক্ষপাতী নন। তিনি রোনালদোকে তার প্রাপ্য মর্যাদাপূর্ণ বিদায় নেওয়ার সুযোগ করে দিতে চান।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ (২৩৩টি) এবং সর্বোচ্চ গোলদাতার (১৪৬টি) অনন্য রেকর্ডের মালিক রোনালদো। পর্তুগালের হয়ে তিনি ২০১৬ ইউরো কাপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ জয় করেছেন।
এমএমএম/
