বিশ্বকাপ ফুটবলের রেষ এখনো কাটেনি। এর মধ্যেই মাল্টি স্পোর্টস ডিসিপ্লিনের দ্বিতীয় বৃহৎ আসর এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু হয়েছে। আজ জাপানের নাগোয়ায় ফুটবল, হকি, কাবাডিসহ বেশ কয়েকটি ডিসিপ্লিনের ড্র হয়েছে।
বাংলাদেশ পুরুষ ফুটবল দল এবার এশিয়ান গেমসে খেলতে পারছে না। এএফসি অ-২৩ টুর্নামেন্টে মূল পর্বে খেলা দলগুলোই এশিয়ান গেমসে খেলছে। নারী দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলায় এশিয়ান গেমসে খেলবে।
১৯ সেপ্টেম্বর জাপানের আইচি-নাগোয়া শহরে শুরু হবে এশিয়ান গেমসের ২০তম আসর। বাংলাদেশ নারী ফুটবল দল যেখানে ‘বি’ গ্রুপে পড়েছে। ঋতুপর্ণাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও মিয়ানমার।
২০২৩ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার খেলে। ঐ আসরে নেপালের সাথে ড্র ও জাপান, ভিয়েতনামের কাছে হেরেছিল বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়া এশিয়ান গেমসে দশবার অংশ নিয়ে জিতেছে তিনটি ব্রোঞ্জপদক। উত্তর কোরিয়া তিন বার স্বর্ণ জিতেছে। নারী ফুটবলে ১২টি দল তিন গ্রুপে খেলছে।
এজেড/এইচজেএস
