বিশ্বকাপে টানা দুটি শিরোপা জেতার মিশনে ছিল আর্জেন্টিনা। ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। একদিকে স্বপ্নপূরণ না হওয়ার হতাশা, অন্যদিকে তাদের বিরুদ্ধে সুবিধা পাওয়ার অভিযোগ—আর্জেন্টাইন ফুটবলে এক গোলমেলে অবস্থা। অন্যদের মতো লিওনেল মেসির হৃদয়েও ক্ষত তৈরি হয়েছে।
স্বামীর এই হতাশার সময়ে পাশে দাঁড়িয়েছেন আন্তোনিও রোকুজ্জো। একই সঙ্গে দেশের প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি আর্জেন্টিনায় জীবনযাপনের আবেগ নিয়ে একটি শক্তিশালী বার্তা দিয়েছিলেন সাংবাদিক কনি আনসালদি। তার সেই পোস্ট শেয়ার করেছেন তিনি। একই বার্তা প্রকাশ করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কারদোসো।
হারের পর জাতীয় দলের আবেগ নিয়ে নানান ধরনের বিতর্কিত মন্তব্য করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া বিদ্বেষ ছড়িয়ে নানা ভুয়া খবরও ছড়ানো হচ্ছে। এসব দেখে ক্ষোভে ফুসছেন রোকুজ্জো। তিনি পোস্ট দিয়েছেন, ‘আর্জেন্টিনা পরিবারের মতো: আমাদের নিজেদের মধ্যে একে অপরকে গালিগালাজ দিতেই পারি। কিন্তু বাইরের কেউ যদি এসে আমাদের নিয়ে কিছু বলে, আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব।’
গত সোমবার মেসির প্রতি ভালোবাসা জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন রোকুজ্জো, ‘তুমি সবসময় সেরা থাকবে। শুধু তোমার প্রতিভার কারণে নয়, কারণ তুমি তোমার সত্তা থেকে বেরিয়ে আসনি। কারণ যাই ঘটুক না কেন হাল ছাড়নি। শেষ পর্যন্ত লড়াই করেছ এবং শেষ সেকেন্ড পর্যন্ত সর্বস্ব দিয়েছ। সেই শক্তি, সেই মানসিকতা এবং বাবরবার উঠে দাঁড়ানোর মনোবল তোমাকে অনন্য করে তুলেছে।’
তিনি বলেছিলেন, ‘সাফল্য আসে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও নিষ্ঠার মাধ্যমে, প্রতিদিন এটা তুমি আমাদের শিখিয়েছ। এজন্য ধন্যবাদ। আমাদের সন্তানদের জন্য তুমি সেরা দৃষ্টান্ত এবং লাখো মানুষের অনুপ্রেরণা। তোমার প্রতি আমার শ্রদ্ধা ভাষায় প্রকাশ করা যাবে না। এই জীবনে তোমার পাশে চলতে পেরে গর্বিত আমি। তোমাকে অনেক ভালোবাসি।’
এফএইচএম
