বিশ্বকাপ শেষ হয়েছে, ট্রফি উঠেছে স্পেনের হাতে। কিন্তু এই বিশ্বকাপের অসংখ্য স্মরণীয় মুহূর্ত এখনো ফুটবল ভক্তদের মনে তাজা। ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত গোল, বিশ্বকাপের সেরা গোলটি বেছে নেওয়ার পালা এবার সমর্থকদের।
ফিফা টুর্নামেন্টের সেরা ১২টি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটেই নির্ধারিত হবে কোন গোলটি পাবে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’-এর স্বীকৃতি। এই তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার দুই তারকা—লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
৪৮ দলের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ে। ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। তবে পুরো আসরের আরেকটি বড় পরিচয় ছিল গোলের বন্যা। ১০৪ ম্যাচে হয়েছে মোট ৩০৮টি গোল—বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ। ম্যাচপ্রতি প্রায় ২.৯৬ গোলের গড় নিয়ে আক্রমণাত্মক ফুটবলের এক নতুন অধ্যায়ও লিখেছে এই আসর।
সেই ৩০৮ গোলের মধ্য থেকেই ফিফা বেছে নিয়েছে সবচেয়ে দর্শনীয় ১২টি গোল। আগামী ২৭ জুলাই পর্যন্ত সমর্থকেরা নিজেদের পছন্দের গোলের পক্ষে ভোট দিতে পারবেন।
মনোনীত তালিকায় থাকা মেসির গোলটি আসে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর ম্যাচে। আলজেরিয়ার বিপক্ষে রদ্রিগো ডি পলের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে জাল কাঁপিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বমঞ্চে তার আরেকটি শিল্পসম্মত মুহূর্ত হিসেবেই বিবেচিত হচ্ছে সেই গোল।
অন্যদিকে হুলিয়ান আলভারেজের মনোনীত গোলটি আসে কোয়ার্টার ফাইনালের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ে। সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে বক্সের বাঁ প্রান্ত থেকে নেওয়া তার বাঁকানো শট গোলরক্ষককে পরাস্ত করে জড়িয়ে যায় জালের কোণায়। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া সেই গোলটি ইতোমধ্যেই কোয়ার্টার ফাইনালের সেরা গোলের স্বীকৃতি পেয়েছে। এবার সেটিই পুরো বিশ্বকাপের সেরা গোল হওয়ার দৌড়ে অন্যতম শক্তিশালী দাবিদার।
মেসি ও আলভারেজ ছাড়াও সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপের সেনেগালের বিপক্ষে করা গোল, ইংল্যান্ডের জুড বেলিংহামের ফ্রান্সের বিপক্ষে দর্শনীয় ফিনিশ এবং আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের সিডনি লোপেস কাব্রালের দুর্দান্ত গোল।
এইচজেএস
