আম্পায়ারের শেষ বাঁশি। উজবেকিস্তানের খেলোয়াড়দের উল্লাস, টার্ফে বসে পড়লেন আমিরুল-কুজুররা। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমসের হকি বাছাইয়ে উজবেকিস্তান বাংলাদেশের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম পয়েন্ট পেয়ে বিজয় উল্লাস করেছে তারা।
বিজ্ঞাপন
এশিয়ান গেমসের হকির বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। এবার শিরোপা লক্ষ্য নিয়ে গেলেও এশিয়ান গেমসে খেলাই এখন অনিশ্চিত হয়ে পড়ছে। বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচ ড্র হওয়ায় শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন। চাইনিজ তাইপে আজ শ্রীলঙ্কাকে শেষ ম্যাচে হারালেও অবস্থান নড়চড় হবে না। বাংলাদেশ ও উজবেকিস্তানের সমান ৪ পয়েন্ট। গোল ব্যবধানে উজবেকিস্তান এগিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে তারা সেমিফাইনাল ও এশিয়ান গেমসে।
বাংলাদেশ বি গ্রুপের তৃতীয় স্থানে। এই টুর্নামেন্টে নিয়মিত ফাইনাল খেলা বাংলাদেশকে এখন এশিয়ান গেমসে খেলতে হলে স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। সেখানে প্রথম ম্যাচ জিতলে তারা এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। পরের ম্যাচটি হবে পঞ্চম স্থান নির্ধারণের জন্য।
এশিয়ান হকি ফেডারেশনের তথ্য মতে, আসন্ন সেপ্টেম্বরে জাপানের আইচি নাগোয়ায় হকিতে ১২ দল অংশগ্রহণ করবে। স্বাগতিক জাপানের পাশাপাশি র্যাংকিংয়ে এগিয়ে থাকায় ভারত,পাকিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন সরাসরি খেলবে। বাকি ৬ দল বাছাই থেকে খেলবে।
বিজ্ঞাপন
গত ম্যাচে বাংলাদেশ ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হেরেছিল। উজবেকিস্তানকে নিয়মিত ৮-১০ গোলে হারানো বাংলাদেশ আজ প্রথমবারের মতো পয়েন্ট হারাল। জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন বলেন, ‘উজবেকিস্তান কখনোই আমাদের সাথে লড়াই করতে পারেনি। তারা আজ প্রথম পয়েন্ট পেয়ে এশিয়ান গেমসে আর আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এটা খুবই উদ্বেগজনক।’
বাংলাদেশ উজবেকিস্তানের বিপক্ষে আজ ড্র করেছে খুব কষ্টে। ম্যাচের প্রথম কোয়ার্টারের সাত মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল পায় উজবেকিস্তান। তারা পুরো সময় ম্যাচে প্রাধান্য বিস্তার করেছে। একাধিক পেনাল্টি কর্নারও পেয়েছিল। বাংলাদেশ গোল পরিশোধ করেছে চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনেন। এরপর পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ আর লিড নিতে পারেনি। ফলে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পর উজবেকিস্তান আরেকটি লজ্জার উপাখ্যান তৈরি করল।
এজেড/এফএইচএম
