মঙ্গোলিয়ার উরনবাটার শহরে চলছে এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন ও উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ টুর্নামেন্টের সপ্তম রাউন্ড থেকে নাম প্রত্যাহার করেছেন। বাংলাদেশের আরেক দাবাড়ু ফাহাদ রহমান অবশ্য খেলছেন।
মঙ্গোলিয়া থেকে নিয়াজ মোর্শেদ বলেন, 'শারীরিক অসুস্থতার জন্য টুর্নামেন্টের শেষ তিন রাউন্ড আর খেলব না। ষষ্ঠ রাউন্ডে খেলার সময় কষ্ট হচ্ছিল, এরপর থেকে না খেলার সিদ্ধান্ত নেই। আমার আগে থেকেই শারীরিক নানা রোগ রয়েছে হয়তো সুগার ঐ দিন বেড়েছিল।'
আজ সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রাশিয়ার ফিদে মাস্টার ফেদোসভ আলেকজান্ডারকে পরাজিত করেছেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে গিয়াকো-পিয়ানো গেম পদ্ধতিতে খেলে ২৪ চালের মাথায় ফিদে মাস্টার ফেদোসভের বিরুদ্ধে জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন। আগামীকাল (শুক্রবার) অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চিনের হং মিংরেনের সাথে খেলবেন।
তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্ম পেয়েছিলেন। ভালো ফর্মে থাকায় ফাহাদকে নিয়ে প্রত্যাশা ছিল এই টুর্নামেন্টে। তার মঙ্গোলিয়া থেকে নর্ম পাওয়ার সম্ভাবনা শেষ। এই প্রসঙ্গে নিয়াজ বলেন, 'এই টুর্নামেন্টে ফাহাদ ভালো খেলতে পারেনি। নর্ম পাওয়ার আর সুযোগ নেই তবে রেটিং ধরে রাখতে হবে। কয়েকটি গেমে ভালো না খেললেও পয়েন্ট পেয়েছে এটা ইতিবাচক।'
নিয়াজ মোর্শেদ খেলার পাশাপাশি মাঝে মধ্যে কোচিং করান। খেলোয়াড় হিসেবে মঙ্গোলিয়া টুর্নামেন্ট তার জন্য সফল না হলেও কোচিংয়ের রসদ পেয়েছেন, 'এশিয়ার তরুণরা দাবায় খুব ভালো করছে। এই টুর্নামেন্টে অনেক মেধাবী খেলোয়াড় দেখলাম। তারুণ্যের এই কৌশল আমাদের দাবাড়ুদের মধ্যে ছড়িয়ে দিতে চাই।'
এজেড/এইচজেএস
