বিজ্ঞাপন

স্কলাস্টিকায় আন্তঃস্কুল হ্যান্ডবল ও ভলিবল টুর্নামেন্ট শুরু

স্কলাস্টিকায় আন্তঃস্কুল হ্যান্ডবল ও ভলিবল টুর্নামেন্ট শুরু

রাজধানীর মিরপুরে স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাসে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘স্কলাস্টিকা ইন্টার-স্কুল হ্যান্ডবল অ্যান্ড ভলিবল টুর্নামেন্ট ২০২৬’। দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’-এর টাইটেল স্পন্সরশিপে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে আগামী ১৭ জুন পর্যন্ত।

এবারের আসরে রাজধানীর আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। স্কুলগুলো হলো স্কলাস্টিকা মিরপুর, স্কলাস্টিকা উত্তরা, সানিডেইল, সাউথব্রিজ, গ্রিন হেরাল্ড, সামারফিল্ড, বিআইএসসি এবং গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল।

টুর্নামেন্টে হ্যান্ডবল ও ভলিবল—এই দুটি ডিসিপ্লিনে ছাত্র ও ছাত্রীদের মোট চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি, করতালি ও উচ্ছ্বাসে মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট ও মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাস, মিরপুরের প্রিন্সিপাল ও হেড অব সেকশন নুরুন্নাহার মজুমদার এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির সিনিয়র একাডেমিক সুপারভাইজার তানভীরা খাতুন।

উদ্বোধনী বক্তব্যে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অংশগ্রহণকারী দলগুলোর প্রতি ক্রীড়াসুলভ মনোভাব ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

আগামী ১৭ জুন ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা।

এইচজেএস 

বিজ্ঞাপন