বিজ্ঞাপন

৪ বছরের বিরতির পর উইম্বলডনে ফিরছেন সেরেনা

৪ বছরের বিরতির পর উইম্বলডনে ফিরছেন সেরেনা

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। টেনিসপ্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক নিয়ে টেনিসের রাজকীয় মঞ্চে ফিরছেন সেরেনা উইলিয়ামস। ৪৪ বছর বয়সী মার্কিন এই কিংবদন্তি আসন্ন উইম্বলডন টেনিসের নারী এককে সিঙ্গেলসে খেলবেন। অল ইংল্যান্ড ক্লাব আজ (রবিবার) টুর্নামেন্টের শেষ ওয়াইল্ডকার্ডটি ২৩ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী এই তারকার হাতে তুলে দিয়েছে।

আজ নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেরেনার ফেরার খবরটি নিশ্চিত করে উইম্বলডন কর্তৃপক্ষ লেখে, ‘এটি কোনো মহড়া নয়।’

চার বছর পর অল ইংল্যান্ড ক্লাবের এই ঘাসের কোর্টে সেরেনার ফেরার বিষয়টি অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল। তবে সেটি ছিল কেবল বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে ডাবলসে অংশ নেওয়ার জন্য। এবার সিঙ্গেলসের ওয়াইল্ডকার্ড পাওয়ায় আগামী ২৯ জুন থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে নতুন এক রোমাঞ্চের জন্ম দিল।

দুই সন্তানের জননী সেরেনা উইলিয়ামসকে টেনিস ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা নারী খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। অল ইংল্যান্ড ক্লাবে এটি হতে যাচ্ছে তার দীর্ঘদিনের ক্যারিয়ারের অন্যতম বড় এক প্রত্যাবর্তন। এর আগে ২০২২ সালের উইম্বলডনেও ওয়াইল্ডকার্ড নিয়ে সিঙ্গেলস খেলেছিলেন তিনি, তবে প্রথম রাউন্ডেই হারমনি তানের কাছে হেরে বিদায় নেন।

এরপর সে বছরের ইউএস ওপেনের পর টেনিস থেকে দূরে সরে যাওয়া ঘোষণা দিলেও আনুষ্ঠানিকভাবে কখনো অবসরের কথা জানাননি তিনি।

দীর্ঘ বিরতি ভেঙে চলতি মাসেই কুইন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে কানাডার ভিক্টোরিয়া এমবোকোকে সঙ্গী করে ডাবলসের মাধ্যমে কোর্টে ফেরেন সেরেনা। এরপর চলতি সপ্তাহে বার্লিন ওপেনেও ডাবলসে অংশ নেন তিনি।

১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে উইম্বলডনে প্রথম পা রাখা সেরেনা এখানে সিঙ্গেলস শিরোপা জিতেছেন মোট ৭ বার। এ ছাড়া ভেনাসের সঙ্গে জুটি বেঁধে ডাবলসের ট্রফি উঁচিয়ে ধরেছেন আরও ৬ বার। দীর্ঘ চার বছর পর প্রিয় চত্বরে সেরেনার এই দ্বিমুখী লড়াই দেখতে এখন মুখিয়ে আছে গোটা টেনিস বিশ্ব।

এমএমএম/