উইকিমিডিয়া বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬–২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে নয় সদস্যের এ কমিটি নির্বাচিত হয়। পরে প্রথম সভায় নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।
গত ১৭ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ভোটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। এরপর ৮ ফেব্রুয়ারি কমিটির প্রথম সভায় সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তানভির রহমান, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ শাকিল হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন— মহীন রীয়াদ, শাবাব মুস্তাফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম ও মো. তানবিন ইসলাম সিয়াম।
উইকিমিডিয়া বাংলাদেশের যাত্রা শুরু হয় উইকিপিডিয়া ব্যবহারকারী ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে। ২০১১ সালের ৩ অক্টোবর এটি Wikimedia Foundation–এর ৩৯তম স্বীকৃত চ্যাপ্টার হিসেবে অনুমোদন পায়। পরে ২০১৪ সালের ৯ জুন বাংলাদেশে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী এটি একটি অলাভজনক সংগঠন হিসেবে নিবন্ধিত হয়।
সংগঠনটির লক্ষ্য হলো উন্মুক্ত জ্ঞানচর্চা প্রসার এবং সবার জন্য জ্ঞানপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করা। উইকিপিডিয়া ও অন্যান্য উইকি প্রকল্পে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ বাড়ানো এবং ডিজিটাল মাধ্যমে জ্ঞানভিত্তিক সম্প্রদায় গড়ে তুলতে উইকিমিডিয়া বাংলাদেশ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।