ভুয়া অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনায় সতর্কতা জারি করেছে হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে প্রায় ২০০ ব্যবহারকারীকে ঝুঁকির বিষয়ে সরাসরি সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির দাবি, ইতালিভিত্তিক স্পাইওয়্যার নির্মাতা এসআইও একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে। বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে এই অ্যাপটি তৈরি করা হয়েছিল।
এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানায়, ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের বেশির ভাগই ইতালি-র বাসিন্দা। তাদের অ্যাকাউন্ট থেকে লগআউট করা হয়েছে এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে জানানো হয়েছে। পাশাপাশি ভুয়া অ্যাপ মুছে ফেলে অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। তবে ক্ষতিগ্রস্তদের বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।
বিজ্ঞাপন
হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, এই ঘটনায় সংশ্লিষ্ট স্পাইওয়্যার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধের দাবি জানানো হবে।
প্রতিবেদনে বলা হয়, ভুয়া অ্যাপ ব্যবহার করে নজরদারি চালানো নতুন কিছু নয়। ইতালিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এমন কৌশল ব্যবহারের নজির রয়েছে। অনেক সময় টেলিকম অপারেটরদের মাধ্যমেও ব্যবহারকারীদের কাছে ফিশিং লিংক পাঠানো হয়।
এই ঘটনার প্রেক্ষাপটে আবারও সামনে এসেছে নজরদারি প্রযুক্তির অপব্যবহারের বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের সব সময় অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা উচিত এবং অজানা উৎস থেকে কোনো অ্যাপ ইনস্টল করা ঝুঁকিপূর্ণ।
বিজ্ঞাপন
সব মিলিয়ে ভুয়া অ্যাপ ও স্পাইওয়্যার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যবহারকারীদের সচেতন থাকার পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকেও আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা।
