কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও এন্টারপ্রাইজ প্রযুক্তিকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছে দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া গ্রুপ। একইসঙ্গে গ্রুপ জুড়ে নেতৃত্ব কাঠামো পুনর্গঠন এবং আগামী এক বছরের মধ্যে কর্মসংস্থান দ্বিগুণ করার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার (১২ জুলাই) ঢাকার ফোর্টিস ডাউনটাউন রিসোর্টে অনুষ্ঠিত বিটোপিয়া অ্যানুয়াল প্ল্যানিং ২০২৬-২৭ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য বিভিন্ন ব্যবসা ইউনিটের কৌশলগত পরিকল্পনা, বাজেট ও কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) অনুমোদন করা হয়।
প্রতিষ্ঠানটির জানায়, ভিশন ২০৩০-এর লক্ষ্য হলো বাংলাদেশকে বৈশ্বিক প্রযুক্তি খাতে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া এবং এআইনির্ভর একটি সমন্বিত প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলা। এ পরিকল্পনার আওতায় সফটওয়্যার উন্নয়ন ও আইটি আউটসোর্সিংয়ের পাশাপাশি এআই, ক্লাউড কম্পিউটিং, এন্টারপ্রাইজ সল্যুশন, ডেটা অ্যানালিটিকস ও ডিজিটাল ট্রান্সফরমেশনকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আফ্রিকাসহ নতুন আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরা হয়।
২০১৩ সালে ফ্রিল্যান্সিং কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ২২টি সহযোগী প্রতিষ্ঠান নিয়ে পরিচালিত হচ্ছে। প্রায় পাঁচ হাজার কর্মী বিশ্বের ৮০টির বেশি দেশের গ্রাহকদের সফটওয়্যার উন্নয়ন, ক্লাউড সেবা, আইটি আউটসোর্সিং, বিপিও, ডিজিটাল মার্কেটিং ও এআইভিত্তিক সেবা দিচ্ছেন। গ্রুপটির বার্ষিক টার্নওভার প্রায় ৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
সম্মেলনে চেয়্যারপারসন সাবিনা আক্তার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনকে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ঘোষণা দেন। সফটভেন্স আইটি লিমিটেডের সিইও হিসেবে মোহাম্মদ নাসির, জেনকোর সল্যুশনস লিমিটেডের সিইও হিসেবে জিসান আহমেদ এবং বিটোপিয়া লিমিটেডের সিইও হিসেবে গৌরব কৃষ্ণ গুপ্তকে নিয়োগ দেওয়া হয়। আবদুল্লাহ আল আলামিনকে গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) করা হয়েছে।
অনুষ্ঠানে ‘বিটোপিয়া সিটি’ নামে একটি প্রযুক্তি নগরী গড়ে তোলার পরিকল্পনাও উপস্থাপন করা হয়। এতে ডেটা সেন্টার, গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ গড়ে তোলার কথা বলা হয়েছে।
সমাপনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির হোসেন বলেন, বিটোপিয়ার লক্ষ্য শুধু সফল ব্যবসা গড়ে তোলা নয়, বরং বাংলাদেশ থেকে বিশ্বমানের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি করা, যা ভবিষ্যতে বৈশ্বিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ নতুন আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের কাজ চলছে এবং ভিশন ২০৩০ সেই দীর্ঘমেয়াদি যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক।
এমএইচএন/জেআই
