মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান ইবে ২০১৯ সালে এক সাংবাদিক দম্পতিকে পরিকল্পিতভাবে হয়রানির ঘটনায় ৫ কোটি ৬০ লাখ ডলার দিয়ে সমঝোতায় পৌঁছেছে। এ ঘটনাকে ই-কমার্স খাতের অন্যতম আলোচিত কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইনা ও ডেভিড স্টেইনার দম্পতি ই-কমার্সবাইটস নামে একটি সংবাদপত্র প্রকাশ করতেন। সেখানে ইবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করা হতো। অভিযোগ, এতে ক্ষুব্ধ হয়ে প্রতিষ্ঠানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা তাদের ভয়ভীতি দেখানোর পরিকল্পনা করেন।
মামলার নথি অনুযায়ী, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাব থেকে তাদের হয়রানি করা হয়। পাঠানো হয় হুমকিমূলক চিঠি। এমনকি জীবন্ত মাকড়সা, তেলাপোকা, অশ্লীল সাময়িকী, রক্তমাখা শূকরের মুখোশ, শোকের ফুলের তোড়া এবং জীবনসঙ্গীর মৃত্যু কাটিয়ে ওঠার বইও তাদের ঠিকানায় পাঠানো হয়েছিল।
তদন্তে আরও জানা যায়, দম্পতির গাড়িতে অবস্থান শনাক্তকারী যন্ত্র বসানোর পরিকল্পনাও ছিল। এমনকি তাদের বাড়িতে একটি অপরাধী চক্র পাঠানোর প্রস্তাবও আলোচনায় এসেছিল।
২০২১ সালে করা দেওয়ানি মামলার নিষ্পত্তি হয়েছে এই সমঝোতার মাধ্যমে। সমঝোতা অনুযায়ী, ইবে স্টেইনার দম্পতিকে ৪ কোটি ৬১ লাখ ৫০ হাজার ডলার দেবে। সাবেক প্রধান নির্বাহী ডেভিন ওয়েনিগ দেবেন ২০ লাখ ডলার। এ ছাড়া আরও কয়েকজন সাবেক কর্মকর্তা ক্ষতিপূরণ দেবেন। অর্থের একটি অংশ বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানেও দেওয়া হবে।
এর আগে ২০২২ সালে এ ঘটনায় ইবের সাত সাবেক কর্মী দোষ স্বীকার করেন। তাঁদের মধ্যে প্রতিষ্ঠানের সাবেক নিরাপত্তাপ্রধান জেমস বাউ পাঁচ বছরের কাছাকাছি কারাদণ্ড পান।
এক বিবৃতিতে ইবে জানিয়েছে, স্টেইনার দম্পতির সঙ্গে যা ঘটেছে, তা ভুল এবং কখনোই হওয়া উচিত ছিল না। এজন্য প্রতিষ্ঠানটি আবারও ক্ষমা চেয়েছে।
স্টেইনার দম্পতির আইনজীবী ক্রিস্টোফার মারফি বলেন, এই মামলা শুধু ক্ষতিপূরণ পাওয়ার জন্য ছিল না। সত্য উদঘাটন, সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং ভবিষ্যতে করপোরেট প্রতিষ্ঠানের এমন অপব্যবহার ঠেকানোও ছিল তাদের লক্ষ্য।
