আইফোন ও ম্যাকবুকে চীনে তৈরি মেমোরি চিপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এ জন্য চীনের অন্যতম বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংজিন মেমোরি টেকনোলজিস (সিএক্সএমটি)–এর তৈরি চিপ পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।
রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা বেড়েছে। এতে তৈরি হয়েছে সরবরাহসংকট। এই সংকট মোকাবিলায় বিকল্প সরবরাহকারীর সন্ধান করছে অ্যাপল।
সিএক্সএমটি চীনের বাজারমূল্যের হিসাবে দেশটির সবচেয়ে বড় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান। অ্যাপল প্রতিষ্ঠানটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে সংবাদপত্রটি জানিয়েছে, চীনের বাজারে বিক্রি হওয়া কিছু অ্যাপল পণ্যে সিএক্সএমটির তৈরি মেমোরি চিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
তবে অ্যাপল ও সিএক্সএমটি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। রয়টার্সও স্বাধীনভাবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এই তথ্য যাচাই করতে পারেনি।
এদিকে মেমোরি চিপের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে সিএক্সএমটি। বেইজিংয়ে দ্বিতীয় একটি কারখানা তৈরির বিষয়েও প্রতিষ্ঠানটি ভাবছে বলে এর আগে জানিয়েছিল রয়টার্স।
চীনের বাইরে বিক্রি হওয়া কিছু ল্যাপটপেও ইতিমধ্যে সিএক্সএমটির তৈরি মেমোরি চিপ ব্যবহার শুরু হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সরবরাহসংকট কমাতে যুক্তরাষ্ট্রের বাইরে বিক্রি হওয়া কিছু ডিভাইসে এসব চিপ ব্যবহার করছে।
এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে মেমোরি চিপের বাজারে চাপ ক্রমেই বাড়ছে। বিশেষ করে এআইনির্ভর তথ্যপ্রযুক্তি অবকাঠামোতে বিপুল পরিমাণ মেমোরি চিপ প্রয়োজন হচ্ছে। ফলে সরবরাহ নিশ্চিত করতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও বিকল্প উৎসের দিকে নজর দিচ্ছে।
