বিজ্ঞাপন

শুরু হলো ‘প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড’, পৃষ্ঠপোষকতায় প্রাণ-আরএফএল

শুরু হলো ‘প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড’, পৃষ্ঠপোষকতায় প্রাণ-আরএফএল

এআই প্রযুক্তিনির্ভর সৃজনশীল কনটেন্ট নির্মাতাদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে ‘প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড-২০২৬’ প্রতিযোগিতা শুরু হয়েছে। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল। 

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্পাইকস্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে তরুণদের সৃজনশীল চিন্তা, নতুন ধরনের গল্প বলার দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করা। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত সৃজনশীল শিল্পের ধরন পরিবর্তন করছে। বিজ্ঞাপন, অ্যানিমেশন, মিউজিক ভিডিও থেকে শুরু করে ফ্যাশনসহ সৃজনশীলতার প্রায় প্রতিটি ক্ষেত্রেই এআই সহযোগিতা করছে। এই প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের তরুণ প্রজন্মকে যুক্ত করা এবং দেশের সম্ভাবনাময় এআই ক্রিয়েটরদের একটি জাতীয় প্ল্যাটফর্মে নিয়ে আসাই এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে স্পাইকস্টোরি লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা হোসেন আল ফারাবি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এমন তরুণদের খুঁজে বের করতে চাই, যারা এআই ব্যবহার করে নতুন ও সৃজনশীল কিছু তৈরি করতে পারবেন। এর মাধ্যমে তরুণ ক্রিয়েটর, পেশাজীবী, প্রযুক্তি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোর মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে এআই ক্রিয়েটর কমিউনিটি গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

আগ্রহীদের প্রতিযোগিতায় অংশ নিতে www.prismaicreativeawards.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অংশগ্রহণকারীরা চারটি বিভাগে তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। বিভাগগুলো হচ্ছে এআই বিজ্ঞাপন, ফিল্ম, মিউজিক ভিডিও ও ফ্যাশন। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালার আয়োজন করা হবে। এসব কর্মশালায় শিক্ষার্থীদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং, স্টোরিটেলিংসহ এআইভিত্তিক সৃজনশীল কনটেন্ট নির্মাণের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রাথমিক বাছাই শেষে প্রতিটি বিভাগ থেকে ১২ জন করে ফাইনালিস্ট নির্বাচন করা হবে। নির্বাচিত ফাইনালিস্টদের জন্য আয়োজন করা হবে দুই দিনের বিশেষ ‘প্রিজম এআই বুটক্যাম্প’। সেখানে এআই টুলস, ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি, স্টোরিটেলিং ও প্রম্পট ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন তারা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পাশাপাশি অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে ‘প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর মাধ্যমে এআই, সৃজনশীলতা, প্রযুক্তি ও শিল্পখাতের বিভিন্ন অংশীজনকে একই প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিটি বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীসহ অন্যান্য বিজয়ীদের জন্য রয়েছে সর্বমোট ১০ লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কারসহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার।

প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে দ্য ডেইলি স্টার, সিবস সল্যুশন, আস্থা আইটি, টেন মিনিট স্কুল, মেরুন ইন-করপোরেশন, এলেফ গ্রুপ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিই সেন্টার।

উদ্বোধনী অনুষ্ঠানে স্পাইকস্টোরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইমুম হোসেন, আস্থা আইটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হাসনাইন রিজভী রহমান, সিবস সল্যুশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরীসহ এলেফ গ্রুপ, মেরুন ইন-করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

জেআই

বিজ্ঞাপন