পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়েছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল। মডেলটির নিরাপত্তা পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মেটা।
বুধবার মেটার এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরীক্ষার পরিবেশের একটি ভুল সেটিংয়ের কারণে মডেলটি ইন্টারনেটে প্রবেশের সুযোগ পেয়েছিল।
মেটার তৈরি মিউজ স্পার্ক নামের মডেলটি এরপর অন্য একটি প্রতিষ্ঠানের ব্যবস্থায় থাকা নিরাপত্তা ত্রুটি কাজে লাগায়। মডেলটি সেখানে ঢুকে কিছু পরিবর্তনও করে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন প্রথম জানিয়েছে।
মেটার ভাষ্য, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। পরীক্ষার কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ইরেগুলার ব্যবস্থাটির ত্রুটির বিষয়টি মেটাকে জানায়। ঘটনাটি এখন খতিয়ে দেখছে মেটা।
ইরেগুলারও জানিয়েছে, এটি পরীক্ষার পরিবেশের একটি ত্রুটি। কোনো নিরাপত্তাবেষ্টনী ভেঙে মডেলটি ঢোকেনি। ঘটনাটিতে জটিল কোনো সাইবার হামলাও হয়নি বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।
এর আগে একই ধরনের ঘটনা ঘটেছে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মডেলের ক্ষেত্রেও। অ্যানথ্রপিকের মডেল পরীক্ষার সময় তিনটি প্রতিষ্ঠানের ব্যবস্থায় ঢুকে পড়েছিল।
এবারের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা ও ঝুঁকি। মডেলগুলো যত শক্তিশালী হচ্ছে, তাদের নিরাপত্তা পরীক্ষা করাও তত কঠিন হয়ে উঠছে।
মেটার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, বাস্তব পরিস্থিতির অনুকরণ করতে কিছু পরীক্ষায় মডেলকে সীমিত ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়। তবে এবারের ঘটনাটি পরীক্ষার ব্যবস্থায় বিরল একটি ত্রুটির কারণে ঘটেছে।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা আরও সক্ষম হওয়ার সঙ্গে সঙ্গে এর পরীক্ষা ও নিরাপত্তাব্যবস্থাও আরও কঠোর করতে হবে।
