বিজ্ঞাপন

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?

অপছন্দের পোস্টই বেশি দেখেন কেন?

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বা এক্সে নিজের পছন্দের বিষয়ই বেশি দেখবেন এমনটাই তো স্বাভাবিক। কিন্তু নতুন এক গবেষণা বলছে, বাস্তবতা ভিন্ন। ব্যবহারকারী যে পোস্ট পছন্দ করেন না বা যার সঙ্গে দ্বিমত পোষণ করেন সেগুলোও অ্যালগরিদম বেশি করে সামনে আনতে পারে। বিশেষ করে ওই পোস্টে ব্যবহারকারী মন্তব্য করলে এমন প্রবণতা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ৭১৫ জন এক্স ব্যবহারকারীর ওপর গবেষণাটি চালানো হয়। তাদের সামনে দেখানো পোস্ট বিশ্লেষণ করে গবেষকেরা দেখতে চেয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ব্যবহারকারীর ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে কতটা সামঞ্জস্য রেখে পোস্ট দেখায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এ।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম সাধারণত ব্যবহারকারীর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থেকে তার আগ্রহ বোঝার চেষ্টা করে। কোনো পোস্টে পছন্দ দেওয়া, সেটি শেয়ার করা বা মন্তব্য করা এসবই অ্যালগরিদমের কাছে গুরুত্বপূর্ণ সংকেত।

তবে গবেষণায় দেখা গেছে, মন্তব্যের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হতে পারে। একজন ব্যবহারকারী কোনো পোস্টে বিরক্ত হয়ে মন্তব্য করলেও অ্যালগরিদম সেটিকে আগ্রহের প্রকাশ হিসেবে বিবেচনা করতে পারে। ফলে ব্যবহারকারী যে ধরনের পোস্ট দেখতে চান না সেই ধরনের পোস্টই আবার তার সামনে আসতে পারে।

গবেষণায় এক্সের ‘আপনার জন্য’ পাতায় দেখানো পোস্টগুলো বিশ্লেষণ করা হয়। দেখা গেছে, ঐতিহ্য ধরে রাখা, নিয়ম মেনে চলা এবং সামাজিক নিরাপত্তার মতো বিষয়সংবলিত পোস্ট অ্যালগরিদম তুলনামূলক বেশি সামনে আনে। অন্যদিকে মানুষকে সহায়তা করা, দূরের মানুষের প্রতি উদ্বেগ, নির্ভরযোগ্যতা এবং প্রকৃতি রক্ষার মতো বিষয়সংবলিত পোস্ট তুলনামূলক কম সামনে আসে।

গবেষকদের মতে, এর অর্থ এই নয় যে অ্যালগরিদম ইচ্ছাকৃতভাবে ব্যবহারকারীকে বিরক্ত করার চেষ্টা করে। বরং ব্যবহারকারীর আচরণ থেকে শেখার প্রক্রিয়ায় এমন ফল তৈরি হতে পারে।

ধরা যাক, একজন ব্যবহারকারী নিজের মতের সঙ্গে মেলে এমন একটি পোস্ট দেখলেন। তিনি হয়তো পোস্টটি পড়ে চলে গেলেন। কিন্তু বিপরীত মতের কোনো পোস্ট সামনে এলে তিনি মন্তব্য করতে পারেন। এমনকি প্রতিবাদও করতে পারেন।

অ্যালগরিদম তখন বুঝতে পারে, ওই ধরনের পোস্ট ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে একই ধরনের পোস্ট আরও বেশি দেখানোর সম্ভাবনা তৈরি হয়।

এভাবে একটি চক্র তৈরি হতে পারে। ব্যবহারকারী কোনো পোস্টে প্রতিক্রিয়া দেখান। অ্যালগরিদম সেটিকে আগ্রহের সংকেত হিসেবে নেয়। এরপর একই ধরনের আরও পোস্ট সামনে আসে। ব্যবহারকারী আবার প্রতিক্রিয়া দেখান।

গবেষণায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই দলের ব্যবহারকারীর ক্ষেত্রেই তাদের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক পোস্ট সামনে আসার প্রবণতা দেখা গেছে। তবে ডেমোক্র্যাট ব্যবহারকারীদের ক্ষেত্রে এই প্রবণতা তুলনামূলক বেশি ছিল। কেন এমন হয়েছে? সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাননি গবেষকেরা।

গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম কীভাবে কাজ করে, সে বিষয়ে ব্যবহারকারীদের জানার সুযোগ খুবই সীমিত। অথচ এসব অ্যালগরিদম মানুষ কোন তথ্য দেখবে এবং কোন বিষয়ে প্রতিক্রিয়া জানাবে তার ওপর বড় প্রভাব ফেলতে পারে।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট বারবার সামনে এলেই সেটিকে নিজের পছন্দের বিষয় হিসেবে অ্যালগরিদম চিহ্নিত করেছে— এমনটা ধরে নেওয়ার সুযোগ নেই। অনেক সময় আপনি যে পোস্টে বেশি প্রতিক্রিয়া দেখান, সেটিই আপনার সামনে বেশি আসতে পারে।

বিজ্ঞাপন