ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসার এলাকায় অবৈধ থ্রি হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পুলিশের একটি জিপ (পিকআপ) গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে চালকরা। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়।
মহাসড়কে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার ও সিএনজিচালিত অটোরিকশা আটকে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। ক্ষুব্ধ চালকরা একজোট হয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং হাইওয়ে পুলিশের একটি টহল গাড়ি ব্যাপক ভাঙচুর করে।