মুখে কথা নেই, কানেও শুনতে পায় না। কিন্তু তার রংতুলির স্পর্শে ক্যানভাসে জীবন্ত হয়ে ওঠে মানুষ, প্রকৃতি, ইতিহাস আর স্বপ্ন। বাক ও শ্রবণপ্রতিবন্ধী কিশোরী সাবা ইসলাম বর্ণ নিজের অসাধারণ চিত্রশৈলীর মাধ্যমে তৈরি করছে সম্ভাবনার নতুন দিগন্ত।
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা থেকে প্রায় দুই কিলোমিটার দূরের কাঠগড়া গ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবা। বাবা শফিউল আলম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং মা মুসলিমা খাতুন গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে বড় সাবা স্থানীয় সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।