সয়াবিন তেলে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিইউপির এক গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য। দেশের বাজারের বোতলজাত ও খোলা—দুই ধরনের তেলেই এই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ৬০টি নমুনা পরীক্ষায় প্রতি লিটার তেলে গড়ে প্রায় ৫৪ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, খোলা তেলে দূষণের মাত্রা বোতলজাত তেলের তুলনায় বেশি। ছয় ধরনের প্লাস্টিক পলিমারের উপস্থিতি শনাক্ত হয়েছে, যার মধ্যে পলিইউরেথেন ও নাইলনের উপস্থিতি ভোজ্যতেলে বিশ্বে প্রথমবারের মতো নথিভুক্ত হয়েছে বলে গবেষকদের দাবি। দীর্ঘদিন এসব কণা শরীরে প্রবেশ করলে হরমোনের ভারসাম্য নষ্ট, পরিপাকতন্ত্রের সমস্যা, প্রদাহ ও কোষের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। গবেষকরা উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে নজরদারি বাড়ানো এবং খোলা তেল বিক্রিতে কঠোর নিয়ন্ত্রণের সুপারিশ করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন