জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিবিরের কাওয়ালি সন্ধ্যা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর কাওয়ালি সন্ধ্যা।
বিজ্ঞাপন
শুক্রবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়ে একের পর এক পরিবেশন হয় নাটক, জুলাই শহীদ আবু সাইদের বাবার আর্তনাদ সম্বলিত একক অভিনয়, কবিতা আবৃত্তি, জারি, মরমি সংগীত, দেশাত্মবোধক গানসহ উর্দু কাওয়ালী। এতে অংশগ্রহণ করে সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়া; নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; জনপ্রিয় নাশিদ শিল্পী গার্জী আনাস রাওশান ও হ্যাভেন টিউন।
বিজ্ঞাপন
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, শিবিরের আয়োজনগুলো খুবই ইউনিক হয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে লাইটিং ও ডেকোরেশনটা চমৎকার ছিল। শিল্পীদের পরিবেশনাগুলোও ছিল চমৎকার। এ ধরনের প্রোগ্রাম বারবার হোক সেটাই আমরা চাই।
নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের পরিচালক মো. আশিকুর রহমান বলেন, আমরা চেষ্টা করেছি সুস্থ ধারার একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে। আলহামদুলিল্লাহ এ অনুষ্ঠানে জবিয়ানদের ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব ইনশাআল্লাহ।
শাখা ছাত্রশিবিরের সভাপতি ও নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, আমরা চাচ্ছি ক্যাম্পাসে সুস্থ সংস্কৃতি চর্চা বৃদ্ধি পাক। ক্যাম্পাসে একটা সুন্দর পরিবেশ বজায় থাকুক। প্রতিটি মানুষের জন্য বিনোদন একটি জরুরি বিষয়। তবে এটা অবশ্যই সুস্থ এবং সুন্দর হওয়া চাই।
বিজ্ঞাপন
এমএল/এমজে