ডাকসুর উদ্যোগে মেয়েদের হলে বিনামূল্যে টিকাদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) উদ্যোগে মেয়েদের হলে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে হলপর্যায়ে সহজলভ্য করতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে হলের আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় ৬০০ নারী শিক্ষার্থী বিভিন্ন প্রয়োজনীয় টিকা গ্রহণ করেন। পর্যায়ক্রমে মেয়েদের আরও চারটি হলে একই ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
কর্মসূচির আওতায় টিটেনাস, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধক এইচপিভি টিকা যার বেসরকারি হাসপাতালে মূল্য ২,৫০০ থেকে ৪,০০০ টাকা এবং টাইফয়েড টিকা (প্রায় ২,৫০০ টাকা মূল্যমান) সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। এছাড়া ভ্যাটমুক্ত মূল্যে বেসরকারি উদ্যোগে হেপাটাইটিস–এ, হেপাটাইটিস–বি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও অন্যান্য প্রয়োজনীয় টিকা সরবরাহ করা হয়।
ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় আমরা নারী শিক্ষার্থীদের জন্য এই বিনামূল্যে টিকাদান কর্মসূচির আয়োজন করেছি। আমাদের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক চিকিৎসাসেবা সহজলভ্য করা।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ব্যাপক সাড়া আমাদের উৎসাহিত করেছে। পাঁচটি হলের কার্যক্রম শেষ হলে পুনরায় নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে, যাতে আরও বেশি শিক্ষার্থী তাদের প্রয়োজন অনুযায়ী টিকা গ্রহণ করতে পারেন।
সাবিকুন্নাহার তামান্না জানান, বেসরকারিভাবে যেসব টিকা নিতে ২ থেকে ৩ হাজার টাকা ব্যয় হয়, সেগুলো সিটি করপোরেশনের সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। আজ কবি সুফিয়া কামাল হলের আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থী এ সেবা পেয়েছেন। পর্যায়ক্রমে মেয়েদের সব হলে এই সেবা পৌঁছে দেওয়া হবে।
এসএআর/জেডএস