ঢাবিতে শেষ হলো ৭ম আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত ৭ম আন্তঃধর্মীয় সম্প্রীতি বিতর্ক উৎসব-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফরহাদ মজহার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এবং আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের উদ্যোগে ২০২০ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এ উৎসব। এবছর “সংলাপের খিড়কিতে দেখি, সভ্যতার সম্মিলন!”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবের মূল বিষয়বস্তু ছিল “ধর্ম ও স্থাপত্য”।
সভার শিরোনাম ছিল “ধর্মের ইট-পাথরে বাংলার ঐতিহ্য”। প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, “চিন্তা বিকশিত হয় আরেকটি চিন্তাকে পর্যালোচনা করলে। চিন্তা না করার অজুহাত হচ্ছে বিশ্বাস।”
তিনি আরও বলেন, “প্রতিটি ধর্মের সার্বজনীন সত্তা রয়েছে। সেই সার্বজনীনতাকে আমরা একসঙ্গে অনুভব করতে পারলেই রাষ্ট্র রাজনৈতিকভাবে শক্তিশালী হবে।”
বিতর্ক উৎসবে এ বছর বিজয়ী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভলনারেবলিটি স্টাডিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের সম্পাদনা পরিষদ সদস্য মো. সাইফুজ্জামান রানা। এছাড়াও বক্তব্য দেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবু সায়েম, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস এবং ওয়ার্ল্ড রিলিজিয়নস ডিবেটিং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহমুদ।
এসএআর/এমজে