বেরোবির নতুন রেজিস্ট্রার ফেরদৌস রহমান

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
এ ছাড়া, তিনি বেরোবি প্রক্টর ও বহিরাঙ্গন পরিচালকের দায়িত্বেও আছেন। এতে গুরুত্বপূর্ণ শীর্ষ তিন পদেই থাকছেন তিনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বেরোবি উপাচার্যের অনুমোদনক্রমে সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ১২০তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই আদেশ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ হতে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
দায়িত্ব পেয়ে প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন, এটি সাময়িক এবং অতিরিক্ত দায়িত্ব। স্থায়ী রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করতে হবে।
উল্লেখ্য, এর আগে চুক্তিভিত্তিক নিয়োগে রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. হারুন অর রশিদ। ১২০তম সিন্ডিকেট সভায় তার নিয়োগ বাতিল করা হয়। নতুন করে প্রফেসর ড. ফেরদৌস রহমান দায়িত্ব পাওয়ায় তিনি একাই পালন করবেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তিন প্রশাসনিক দায়িত্ব।
রিপন শাহরিয়ার/এএমকে