জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানির অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
লিখিত অভিযোগে জানা যায়, অভিযুক্ত গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী। সম্প্রতি তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত একটি বিষয় তুলে ধরেন।
অভিযোগে বলা হয়, ওই পোস্টে বিশ্ববিদ্যালয় ও এর পরিবেশ নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে মনে হওয়ায় ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী সেখানে সংযত ও যুক্তিসঙ্গত মন্তব্য করেন। তবে তার জবাবে গোলাম রব্বানী অশালীন, কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষায় প্রতিক্রিয়া জানান বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত তার মন্তব্যের জবাবে সরাসরি গালিগালাজ করেন এবং হুমকিসূচক বক্তব্য দেন। এতে একজন নারী শিক্ষার্থী হিসেবে তিনি অপমানিত, আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত বোধ করেন। এ ধরনের আচরণ সাইবার বুলিং ও অনলাইন হয়রানির শামিল বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগে আরও বলা হয়, একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে সবাই নিরাপদ ও সম্মানজনক পরিবেশে মতামত প্রকাশের অধিকার রাখেন। কিন্তু এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নৈতিকতা ও পারস্পরিক সম্মানবোধের পরিপন্থি।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টরের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম ঢাকা পোস্টকে জানান, “অভিযোগপত্রটি আমরা পেয়েছি। আমাদের পরবর্তী মিটিংয়ে এটি নিয়ে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
এসএইচএ