জাবিতে দ্বিতীয় ধাপ শেষেও ফাঁকা ৭০৪ আসন, সশরীরে আবেদনের ডাক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া শেষে এখনও ৭০৪টি আসন শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব শূন্য আসন পূরণে অপেক্ষমাণ তালিকায় থাকা আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ মার্চ সশরীরে উপস্থিত হয়ে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ মার্চ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিসে উপস্থিত হয়ে নির্ধারিত ফরমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে যারা ইতোপূর্বে মেধা তালিকা থেকে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হননি তাদের নতুন করে আবেদন করার কোনো সুযোগ নেই।
প্রশাসন সূত্রে জানা গেছে, আবেদনের সময় শিক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং পছন্দক্রমের ফরম এর কপি সঙ্গে রাখতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে যারা সশরীরে উপস্থিত হয়ে আবেদন করবেন না, তাদের পরবর্তীতে আর কোনো ধাপে ভর্তির জন্য বিবেচনা করা হবে না বলে বিজ্ঞপ্তিতে কঠোরভাবে জানানো হয়েছে। এছাড়া ভর্তি বাতিলের কারণে বর্তমানে প্রকাশিত এই শূন্য আসনের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি আসন খালি রয়েছে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ বা ‘এ’ ইউনিটে, যেখানে শূন্য আসনের সংখ্যা ২৭৩টি। এছাড়া কলা ও মানবিক অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ১৭৩টি, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৯৩টি, বিজনেস স্টাডিজ অনুষদ বা ‘ই’ ইউনিটে ৭৭টি এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ৭৪টি আসন খালি রয়েছে। আইবিএ-জেইউ-তে ১১টি এবং নাটক ও চারুকলা বিভাগেও ১টি আসন ফাঁকা রয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন জমা নেওয়ার পর শিক্ষার্থীদের মেধাক্রম ও বিভাগীয় পছন্দক্রম অনুযায়ী খুব দ্রুতই পরবর্তী মেধা তালিকা প্রকাশ করা হবে।
এমএএস