জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জবি উপাচার্যের শ্রদ্ধা

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাতা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) সকালে রাজধানীতে পৃথকভাবে দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পুষ্পস্তবক অর্পণ শেষে অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে উভয় নেতার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপাচার্য দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় উন্নয়নে তাদের অসামান্য অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।
অনুষ্ঠানে উপাচার্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক।
বিজ্ঞাপন
এছাড়া শিক্ষকদের পেশাজীবী সংগঠন ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার নেতাদেরকেও উপস্থিত থাকতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই আয়োজনের মাধ্যমে জাতির গুরুত্বপূর্ণ দুই নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। নবনিযুক্ত উপাচার্য দায়িত্ব গ্রহণের পর এই কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা খোঁজার কথা জানান।
এমএল/বিআরইউ