ঈদের নামাজের ইমামতি করলেন জবি উপাচার্য ড. রইস উদ্দিন

পবিত্র ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সবশেষে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
বিজ্ঞাপন
শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, যেকোনো নামাজে ইমামতির সময় যেমন মুসল্লিরা ইমামকে অনুসরণ করেন এবং ইমামের কোনো ত্রুটি হলে মুক্তাদিরা তা সংশোধন (লুক্বমা) করে থাকেন। এমনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় কোনো ধরনের ভুল হলে সংশ্লিষ্ট সবার কাছ থেকে গঠনমূলক ও সংশোধনমূলক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সদস্য নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব। তিনি আগামী ঈদে আরও বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন এবং রমজান মাসে অর্জিত আত্মসংযম ও আত্মশুদ্ধির শিক্ষা সারা বছর প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
এমএল/জেডএস