চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া নয়া পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল বকেয়া (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। আহত জান্নাতুল বকেয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কক্সবাজার জেলার ঈদগাহ এলাকার বাসিন্দা ইফতেখার মাহবুবের স্ত্রী।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জান্নাতুল বকেয়া কক্সবাজার থেকে একটি বাসযোগে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পদুয়া নয়া পাড়া এলাকায় বাসটি থামলে তিনি ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে নামেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের গোড়ালির ওপরের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত নারীর ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মাথায় আঘাত লেগেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর/এসএইচএ