চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে হট্টগোল ও প্রিন্টার ভাঙচুরের অভিযোগের ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে শোকজ করেছে কেন্দ্রীয় সংগঠন। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতেও বলা হয়েছে তাকে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরের সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার (সাজ্জাদ হোসেন হৃদয়) বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ঢাকা পোস্টকে বলেন, আমি গতকাল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়েছিলাম আমার এক পরিচিত ভাইয়ের নম্বর নিতে। কিন্তু ওখানে দায়িত্বে থাকা এক কর্মকর্তা আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ নিয়ে একটু কথা-কাটাকাটি হয়। পরে আমি অফিস থেকে চলে আসি। এরপর শুনতেছি আমি নাকি অফিস ভাঙচুর করেছি। আমার প্রশ্ন হচ্ছে— উপজেলা নির্বাহী অফিসে গিয়ে কোনো কিছু ভাঙচুর করার সুযোগ আদৌও আছে কি না?
বিজ্ঞাপন
এর আগে সোমবার (৩০ মার্চ) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে অফিসের প্রিন্টার ভাঙচুরের অভিযোগ ওঠে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে। ফটিকছড়ি উপজেলার প্রধান প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী তার বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।
উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সর্বশেষ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। হৃদয় এন্টারপ্রাইজ নামে তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও রয়েছে বলে জানা গেছে।
আরএআর
