ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসে বর্ণাঢ্য মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে কলাভবন, শ্যাডো ও মধুর ক্যানটিন প্রদক্ষিণ করে ডাকসু ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘উৎপাদনমুখী শিক্ষা ছাত্রদলের অঙ্গীকার’, ‘নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার’ এবং ‘এসো নবীন দলে দলে ছাত্রদলের পতাকাতলে’–এমন বিভিন্ন শিক্ষার্থীবান্ধব স্লোগান দেন।
বিজ্ঞাপন
মিছিল শেষে ডাকসু ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে নবাগত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের উদ্দেশে বক্তব্য দেন ডাকসু ২০২৫ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম।
তিনি বলেন, “আজ ক্যাম্পাসে যারা ভর্তি হতে এসেছে, সেই নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের চোখেমুখে স্বস্তি ও আনন্দ দেখা যাচ্ছে। কিন্তু আমরা যখন ভর্তি হতে এসেছিলাম, তখন আমাদের এবং আমাদের বাবা-মায়ের চোখেমুখে ছিল ভীতি ও শঙ্কা। কারণ তখন ক্যাম্পাসে ছাত্রলীগের গণরুম-গেস্টরুমের নামে নির্যাতন-নিপীড়ন অব্যাহত ছিল।”
ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের সমালোচনা করে হামিম বলেন, “সে সময় ছাত্রলীগ নেতা হিসেবে যারা শিক্ষার্থীদের ওপর অত্যাচার চালিয়েছিল, তাদের অনেকেই এখন শিবির পরিচয়ে আত্মপ্রকাশ করেছে।”
বিজ্ঞাপন
এ সময় ছাত্রশিবির নেতা সাদিক কায়েমকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি সাদিক কায়েমের কাছে প্রশ্ন রাখতে চাই—ফ্যাসিবাদের পতন না হলে তিনি আজ হলগুলোতে ছাত্রলীগের হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতেন কি না।” তিনি আরও যোগ করেন, ছাত্রদল ক্যাম্পাসে সহনশীলতা, প্রগতি এবং শিক্ষার্থীবান্ধব নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের রাজনীতি অব্যাহত রেখেছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন– ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মৌসুমী শেখ, ক্রীড়া সম্পাদক মো. সাইফ উল্লাহ, সূর্যসেন হল ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, কবি সুফিয়া কামাল হল আহ্বায়ক তওহিদা সুলতানা এবং ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রদল আহ্বায়ক মালিহা বিনতে অবন্তী।
এছাড়া সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল আহ্বায়ক গাজী জাহিদুল ইসলাম এবং শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্যসচিব জুনায়ের আবরারসহ সংগঠনের শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
এসএআর/বিআরইউ
