জনগণের ৭০ শতাংশের রায় উপেক্ষা করা হলে বর্তমান সরকারের ৫১ শতাংশ ম্যান্ডেটও (জনসমর্থন) জনগণ প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘গণভোটের রায় বাস্তবায়ন আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহতরা উপস্থিত ছিলেন।
এবি জুবায়ের বলেন, প্রায় দুই হাজার ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে যে পরিবর্তনের পথ তৈরি হয়েছিল, সেই পথ ধরেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু এখন তারা সেই গণরায় অস্বীকারের চেষ্টা করছে। এটি কেবল কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং শহীদদের রক্তের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।
তিনি অভিযোগ করেন, একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রকাঠামোকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে। গণভোটের রায় উপেক্ষা করা, সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিলের উদ্যোগ, মানবাধিকার কাঠামো দুর্বল করা এবং বিচার বিভাগে হস্তক্ষেপের পদক্ষেপগুলো একই অশুভ উদ্দেশ্যের ইঙ্গিত দেয় বলে তিনি দাবি করেন।
বিজ্ঞাপন
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, নতুন আইনের মাধ্যমে তদন্তের ক্ষেত্রে সরকারের অনুমতি বাধ্যতামূলক করা হলে তা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এটি মূলত অপরাধীদের রক্ষা করার একটি বৈধ পথ তৈরি করবে।
এছাড়া মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলের উদ্যোগ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এটি দুর্বল হয়ে পড়লে গুম প্রতিরোধসহ অন্যান্য মানবাধিকার সংশ্লিষ্ট আইনগুলো কার্যত অকার্যকর হয়ে পড়বে এবং বিচার বিভাগ নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে যাবে।
সরকারকে সতর্ক করে জুবায়ের বলেন, জনগণের মতামত উপেক্ষা করে, মানবাধিকার ক্ষুণ্ন করে এবং বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারে না।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সায়েন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।
এসএআর/এমএআর/
