আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) তিনি দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে যান।
প্রতিনিধিদলে রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাশে এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর কান্ট্রি হেড সৈয়দা নাসিবা হোসাইন।
পরিদর্শনকালে ফ্রান্সের রাষ্ট্রদূত এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন ও উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান এবং প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্যাম্পাসের আধুনিক একাডেমিক কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ দেখে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘ফ্রান্সে উচ্চশিক্ষা’ শীর্ষক একটি তথ্যবহুল সেশন অনুষ্ঠিত হয়। এতে সেশন পরিচালনা করেন সৈয়দা নাসিবা হোসাইন। তিনি ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, জীবনযাত্রার ব্যয় এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন।
রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে তার বক্তব্যে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারে ফ্রান্সের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। এই সফর বাংলাদেশ ও ফ্রান্সের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও জ্ঞান বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এমএন
