নোয়াখালীর চাটখিলের বদলকোট বাজারে লন্ড্রি দোকানের আগুনে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে চাটখিল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী জিএম শাকিল বলেন, সোমবার দুপুরে বদলকোট বাজারের লন্ড্রি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে আমরা স্থানীয়রা গিয়ে আগুন নেভানোর কাজে যুক্ত হই এবং ফায়ার সার্ভিসে খবর দেই। এরমধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে মুদি, গার্মেন্টস, গোডাউনসহ ১৫টি দোকান পুড়ে যায়।

বদলকোট বাজার পরিচালনা কমিটির সদস্য মামুনুর রশিদ বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে চারটি গোডাউন ছিল। সে গোডাউনে কমপক্ষে অর্ধকোটি টাকার মালামাল ছিল বলে ধারণা করা হচ্ছে। সবমিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমাদের ধারণা। সরকারি সহায়তা না পেলে এ ব্যবসায়ীরা আর ঘুরে দাঁড়াতে পারবে না।

চাটখিল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার চন্দ্র শেখর গাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাবে না।
এআইএস
