বিজ্ঞাপন

মোবাইল দেখতে না দেওয়ায় অভিমানে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

মোবাইল দেখতে না দেওয়ায় অভিমানে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া নাঈম (১১) নামের এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে। পরিবারের দাবি মোবাইল দেখতে না দেওয়ায় অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (২ মার্চ) সকালে পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত নাঈম স্থানীয় কে.ডি.এস দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

নিহত নাঈমের বাবা বাদশা ফরাজি বলেন, গতকাল শনিবার রাতে তারাবি নামাজ শেষে নাঈম বাসায় আসে। পরে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে যাওয়ার আগে আমাদের কাছে মোবাইল দেখতে চায়। এ সময় নাঈমকে মোবাইল দেখতে না দিলে সে তার রুমে চলে যায়। পরে সকালে ঘুম থেকে উঠে নাঈমকে পড়তে যাওয়ার জন্য ডাকতে গেলে তাকে ঘরের মধ্যে থাকা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নাঈমের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো. আব্দুল আলীম/এএমকে

বিজ্ঞাপন