বিজ্ঞাপন

পটুয়াখালীতে আতশবাজির আঘাতে শিশুর মৃত্যু

পটুয়াখালীতে আতশবাজির আঘাতে শিশুর মৃত্যু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী শহরের মুন্সেফপাড়ায় আতশবাজি ফুটানোর সময় শ্বাসনালীতে আঘাত পেয়ে রাফি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৩০ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে। শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রাফি পটুয়াখালী পৌরসভার মুন্সেফপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে এবং চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদ আনন্দ উদযাপনের জন্য রাফি কয়েকজন বন্ধুর সঙ্গে আতশবাজি ফুটাচ্ছিল। এ সময় একটি আতশবাজি বিস্ফোরিত হয়ে তার শ্বাসনালীতে আঘাত করে। সঙ্গে সঙ্গে তাকে গুরুতর আহত অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 পরিবার-পরিজন ও প্রতিবেশীরা এই হৃদয়বিদারক ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং এমন দুর্ঘটনা এড়াতে আতশবাজি ব্যবহারে আরও সতর্কতার আহ্বান জানিয়েছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর না ঘটে।

মো. রায়হান/এমএন

বিজ্ঞাপন