বিজ্ঞাপন

আসামির হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত

আসামির হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত

কুষ্টিয়ার মিরপুরে আসামির হাতুড়ির আঘাতে দুই পুলিশ সদস্য (এসআই ও কনস্টেবল) আহত হয়েছেন। শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কনস্টেবল রুস্তম আলীকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত আসামি আশিক (২৫) বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমলাপাড়া এলাকা থেকে সন্দেহভাজন আশিককে আটক করে আমলা পুলিশ ক্যাম্পের এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী মোটরসাইকেলে করে থানায় নিয়ে যাচ্ছিলেন। পথে পালপাড়া বাজার এলাকায় আসামি চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। গাড়ি থামাতেই আশিক হঠাৎ কোমর থেকে হাতুড়ি বের করে এসআই মনিরুলের মাথায় আঘাত করেন, এতে হেলমেট ভেঙে যায়। এরপর পেছনে বসা কনস্টেবল রুস্তমের মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আহত কনস্টেবলকে হাসপাতালে নেওয়া হয়।

ওসি মমিনুল ইসলাম জানান, আসামি পুলিশের ওপর হামলা করেছে, আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

রাজু আহমেদ/এমএসএ