বিজ্ঞাপন

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

সরকারি কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার আহ্বান

সরকারি কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার আহ্বান

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নেতাদের তোষামোদ না করে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। 

তিনি বলেন, কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে মেরুদণ্ড শক্ত করে কাজ করতে হবে। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে হবে, সরকার সহযোগিতা করবে।

শুক্রবার (২ মে) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ফসলি জমির টপ সয়েল কাটা ও বিক্রি বন্ধ করতে হবে, ভূমিদস্যুদের কঠোর হাতে দমন করতে হবে। 
পাশাপাশি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাজার অব্যবস্থাপনার কারণে যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের আগে যদি কাঠামোগত সংস্কার না করা হয়, তাহলে আবারও স্বৈরশাসনের সম্ভাবনা দেখা দেবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ প্রণয়নের চেষ্টা চলছে।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। আরও বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁইয়া, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান প্রমুখ।

আরিফ আজগর/এমএসএ