সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩৩ জন সাংবাদিক আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
সোমবার (৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাফিয়া সুলতানা তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে, সাতক্ষীরা প্রেসক্লাবের দখলদার কমিটির নেতা মো. আবু নাসের সাঈদের দায়ের করা মামলায় ৩৭ জন সাংবাদিকের নাম উল্লেখ করা হয়। মামলায় দাঙ্গা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মতো গুরুতর ফৌজদারি ধারায় (১৪৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬) অভিযোগ আনা হয়।
সাংবাদিকদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম, সাবেক পিপি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামালসহ অর্ধশতাধিক জ্যেষ্ঠ আইনজীবী।
আরও পড়ুন
জামিন পাওয়া সাংবাদিকরা বলেন, আমরা ন্যায়বিচারে বিশ্বাসী বলেই আইনগত প্রক্রিয়া মেনে আত্মসমর্পণ করেছি। কিন্তু আমাদের বিরুদ্ধে যেভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে, তাতে আমাদের পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক নেতারা বলেন, মূলত সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার ঘটনা ধামাচাপা দিতেই পাল্টা মামলা করেছেন আবু সাঈদ। হামলার শিকাররাই আজ আসামি—এটি ন্যায়বিচারের পরিপন্থি। আমরা দ্রুত হামলাকারিদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।
উল্লেখ্য, গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাব এলাকায় দখলদার কমিটির নেতা আবু সাঈদ ও আব্দুল বারীর নির্দেশে বহিরাগতরা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমসহ অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন। এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়—একটি আহত সাংবাদিকদের পক্ষ থেকে, অপরটি আবু সাঈদের পক্ষ থেকে দায়ের করা হয়।
ইব্রাহিম খলিল/এএমকে
