বিএনপির নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে সমীরণ দেওয়ানকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয় সংসদের ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে এবারের নির্বাচনে ৮টি রাজনৈতিক দলের প্রার্থীর পাশাপাশি তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন সমীরণ দেওয়ান। তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হলেন ওয়াদুদ ভুইয়া।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় সমীরণ দেওয়ানকে বহিষ্কারের জন্য কেন্দ্রে জানানো হয়েছিল। অবশেষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ান বলেন, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি, দল আমাকে বহিষ্কার করলেও কিছু করার নেই। বর্তমানে আমি জনগণের প্রার্থী হিসেবে নির্বাচন করছি।
মোহাম্মদ শাহজাহান/এএমকে