খাগড়াছড়িতে ১৮ পোস্টাল ভোটের ১টি বাতিল

খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে দেওয়া ১৮টি ভোটের মধ্যে স্ক্যানিং ত্রুটির কারণে ১টি ভোট বাতিল হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে ডাক বিভাগের প্রতিনিধির কাছ থেকে এসব পোস্টাল ভোটগ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তার পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার মো. সাইফ উদ্দিন।
খাগড়াছড়ি পোস্ট অফিসের পোস্টমাস্টার কনিকা চাকমা বলেন, সোমবার মোট ১৮টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া, ডাকযোগে প্রাপ্ত অন্যান্য পোস্টাল ব্যালট ভোটারদের ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রিটার্নিং কর্মকর্তার পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফ উদ্দিন বলেন, খাগড়াছড়িতে পোস্টাল ব্যালটে দেওয়া এটি প্রথম দফার ভোট। গ্রহণের পর ভোটের খামগুলো স্ক্যানিং করা হয়। এর মধ্যে একজন ভোটার নির্ধারিত নিয়ম অনুযায়ী স্ক্যানিং না করেই ব্যালট পাঠিয়ে দেওয়ায় তার ভোটটি বাতিল বলে গণ্য হবে।
তিনি আরও বলেন, গত ২৫ জানুয়ারি পোস্টাল ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যালট বাক্স প্রস্তুত করে রাখা হয়েছিল এবং আজ সোমবার প্রথমবারের মতো পোস্টাল ভোটগ্রহণ করা হয়েছে।
ভোটগ্রহণের সময় ডাক বিভাগের প্রতিনিধি, প্রার্থীদের এজেন্ট এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। স্বচ্ছতা বজায় রেখে সবার উপস্থিতিতেই স্ক্যানিং সম্পন্ন করে ভোটগুলো ব্যালট বাক্সে সংরক্ষণ করা হয়। এর আগে, নির্ধারিত করে রাখা কক্ষটির সিলগালা খুলে প্রবেশ করেন এবং ভোটগ্রহণ শেষে পুনরায় কক্ষটি সিলগালা করে রাখা হয়।
এ সময় স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের এজেন্ট গফুর তালুকদার বলেন, আমাদের উপস্থিতিতেই পোস্টাল ভোটগ্রহণ ও স্ক্যানিং করা হয়েছে এবং যথাযথভাবে বাক্সে রাখা হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও বিদেশে অবস্থানরত মোট ৭ হাজার ৫০ জন ভোটার নিবন্ধন করেছেন।
মোহাম্মদ শাহজাহান/এএমকে