রাজবাড়ীতে ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন আটক করে বিক্ষোভ করেছে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজবাড়ী ২নম্বর রেলগেট এলাকায় ট্রেন আটক করে বিক্ষোভ করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখা।
বিক্ষোভের সময়ে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন আসে। তখন তারা ১৫ মিনিট ট্রেনটি আটকে বিক্ষোভ করেন। এরপর তারা বিক্ষোভ মিছিল করতে করতে রাজবাড়ী রেলওয়ে স্টেশন যান। তাদের সাথে যুক্ত হয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখা।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি সেকেন পাট্টাদার সভাপতি ও বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার ইকবাল হোসেন। এসময় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার আমাদের প্রথম থেকে আশ্বাস দিয়ে আসছিল পে-স্কেল দেওয়ার জন্য। পে-স্কেল দেওয়ার জন্য পে-কমিশন গঠন করেছিল। কিন্তু তা বাস্তবায়ন করেনি। বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বেতন স্কেল নিয়ে টালবাহানা করা হচ্ছে। আমাদের যে বেতন স্কেল দেওয়া হচ্ছে, সেটি ২০১৫ সালের নিয়ম অনুযায়ী। কিন্তু এর ধারাবাহিকতা হচ্ছে পাঁচ বছর পর পর পে-স্কেল দেওয়া।
বক্তারা আরও বলেন, ২০১৫ সাল থেকে আজ ২০২৬ সাল ১১বছর আমাদের আগের পে-স্কেল দেওয়া হচ্ছে। দ্রব্যমূল্যের দাম কয়েক ধাপে বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের বেতন বৃদ্ধি পাচ্ছে না। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলনে নামবো।
সৌরভ/এসএইচএ