ভয়ভীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা : মহাপরিচালক

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়ে সকল বাহিনীর সাথে সমন্বয় করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য অতন্দ্র প্রহরী হয়ে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে আনসার সদস্যদের অস্ত্র বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহারিচালক বলেন, আনসার সদস্যদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। এ রকম সমাবেশ নির্বাচনের আগে এই প্রথম। পর্যায়ক্রমে সকল জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। ৯ লক্ষাধিক রেজিস্ট্রিকৃত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থেকে ৫ লাখ ৬০ হাজার সদস্য এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের সদস্যরা রয়েছে। দেশসেবার মহান ব্রত নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, নির্বাচনকালে সকল সদস্য এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনাদের ওপর নির্ভর করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থিতিশীলতা।
সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী, জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে খুলনা জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নেন।
পরে মহাপরিচালক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে খুলনা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মোহাম্মদ মিলন/আরএআর